জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ‘লাক্সারি লাউঞ্জ’ বানাচ্ছেন তামিম ইকবাল। যেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা বসে খেলা দেখতে পারবেন এবং যেকোন সময় চা-কফি পানে সময় কাটাতে পারবেন।
বিসিবির অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর সাবেক অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ দিয়ে সম্মান করেছেন তামিম ইকবাল। এবার জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ কার্ড দেওয়ার ঘোষণাও দেন তামিম।
সাবেক ক্রিকেটারদের জন্য মিরপুর স্টেডিয়ামে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। সোমবার (৪ মে) বোর্ড মিটিং শেষে স্টেডিয়ামে প্রবেশ করে ‘লাক্সারি লাউঞ্জ’-এর কাজ দেখতে যান তামিম। এ সময় উপস্থিত সাংবাদিকদের ডেকে নিয়ে বিস্তারিত জানান তিনি।
তামিম ইকবাল বলেন, “যে কাজ চলছে এটার মেইন কারণটা হলো, এখানে আমরা ন্যাশনাল ক্রিকেটার্স যারা ছিলেন, বাংলাদেশের যতগুলা ১৭০-১৮০ জন ক্রিকেটার খেলেছেন তাদের জন্য একটা সুন্দর লাউঞ্জ বানিয়ে দিচ্ছি। পুরোনো সিটগুলোকে তুলে রেনোভেট করে এখানে একটা সুন্দর ব্যালকনি হবে।”
ক্রিকেটারদের জন্য লাউঞ্জ বানানোর কাজ শুরু হয়েছে, ছবি- স্পোর্টসমেইল
তিনি বলেন, “আপনারা বিশ্বের বিভিন্ন বড় বড় স্টেডিয়ামে দেখেছেন, বড় ব্যালকনি থাকে, ব্যালকনিতে বসে চা-কফি খায়। এখানেও ওই সিস্টেম থাকবে। ভিতরে লাউঞ্জ থাকবে প্রায় ২৫০ থেকে ৩০০ জনের জন্য, এই জিনিসটা করে দেওয়া হবে।”
তামিম ইকবাল আরও বলেন, “আশা করি তিন বা সর্বোচ্চ চার মাসের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। ন্যাশনাল ক্রিকেটারদের হোম এটা -হোমের জন্য ওদের তো একটা জায়গাও থাকতে হবে। ওদের তো কোনো জায়গা নেই। তো এদের এই জায়গায় আজীবন তাদের জন্য এই জিনিসটা করে দিচ্ছি।”
জাতীয় দলে সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ কার্ড দেওয়ার বিষয়ে বিসিবি প্রধান বলেন, “তাদের (সাবেক ক্রিকেটার) কার্ড দিয়ে দেওয়া হবে, যেটা এখানে উনারা এক্সেস করতে পারবেন। উনারা ছাড়া কেউ এক্সেস করতে পারবেন না। প্লাস এখানে কোয়াবের কিছু অফিসৎ সেটআপও থাকবে।”
