ক্রিকেটের ঐতিহাসিক ও অভিজাত ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ছে।
তামিম ইকবাল ছাড়া এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া বাকি চারজন হলেন- নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেল জোন্স এবং ভারতের সাবেক ক্রিকেটার চেতেশ্বর পুজারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকলেই এমসিসি’র আজীবন সম্মানসূচক সদস্য হওয়ার জন্য ক্লাব থেকে পাওয়া প্রস্তাব গ্রহণ করেছেন।
বাংলাদেশ থেকে এর আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্য হয়েছেন। ২০২৩ সালে তাকে এমসিসি আজীবন সদস্যপদ দেওয়া হয়।
এমসিসি’র প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেছেন, “পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য।”
