সেমি-ফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ নভেম্বর ২০২৬
সেমি-ফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণে বিধ্বস্ত হয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তানের যুবারা।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানে ওপেনার এসকে জারিফ সিয়ামকে ১ রানে ফিরিয়ে দেন মোহাম্মদ সায়াম। এরপর ৯ রান করা কাওসার আহমেদকেও ফেরান তিনি। ফলে ২৫ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনার আবদুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে জুটি গড়েন তিনি। ফরিদ করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মুহি। ৪৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

তবে ফরিদের বিদায়ের পর ১ রান করা আহসান আল মুমিনও ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অর্ধশতক পূর্ণ করার পর বিদায় নেন আবদুল্লাহ। তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।

এরপর আল রাফি (২০) ও রাকিবুল হোসেন (২৬) ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি বোলারদের আধিপত্য অব্যাহত থাকে। শেষ পাঁচ উইকেট মাত্র ২৭ রানে হারিয়ে বাংলাদেশের ইনিংস বড় হয়নি।

পাকিস্তানের ডানহাতি পেসার রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন। মোহাম্মদ সায়াম নেন দুটি উইকেট। এ ছাড়া আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসাইন একটি করে উইকেট শিকার করেন।

জবাবে দুই ওপেনার উসমান খান ও হায়াম খানের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের বোলারদের চাপে ফেলে।
৭২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬৯ রান করে রাবিউল হাসান অনিকের শিকার হন হায়াম। তবে তাঁর বিদায়ে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি।

উসমান ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন। আবদুল কাদির অপরাজিত থাকেন ৮ রানে। ৯ উইকেট হাতে রেখে এবং ২৮.১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে, সেমি-ফাইনাল থেকে বাংলাদেশের যুবারদের বিদায় ঘটেছে।



শেয়ার করুন :