সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে গেল জামাল-তপুদের নেপাল যাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে গেল জামাল-তপুদের নেপাল যাত্রা

ছবি: বাফুফে

দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ফুটবল দলের ঢাকা ছাড়ার কথা ছিল দুপুর দেড়টায়। তবে পূর্ব নির্ধারিত সময়ে যেতে পারছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। বাংলাদেশ ফুটবল দলের ফ্ল্যাইট পিছিয়ে গেছে সাড়ে পাঁচ ঘণ্টা।

জামাল-তপুদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায়। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরেও পৌঁছে ২৩ সদস্যের বাংলাদেশ দলের সাথে কোচিং স্টাফরাও।

তবে দুপুর দেড়টার কিছু আগে জানা যায়, পূর্ব নির্ধারিত সময়ে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে না বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ বিমানের বরাত দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়, বাংলাদেশ ফুটবল দলের জন্য নতুন ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টায়।

অর্থ্যাৎ, পূর্ব নির্ধারিত সময় থেকে সাড়ে পাঁচ ঘণ্টা পর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল। তবে এই সময়ের মধ্যে ফুটবলাররা ঠিক কোথায় অবস্থান করবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ রিপোর্ট লিখার সময় ফুটবলার এবং স্টাফরা বিমানবন্দরেই অবস্থান করছেন।

ফ্লাইট পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম জানান, বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি নেপাল যাবে সেটি সিঙ্গাপুর থেকে আসার কথা ছিল। তবে যাত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আসতে পারছে না।

নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে অবশ্য হামজা চৌধুরী এবং শমিত সোমকে রাখা হয়নি। জানা গেছে, ব্যস্ত ক্লাব সূচি থাকায় তাদেরকে ছাড়া হয়নি।



শেয়ার করুন :