হামজাদের তিন ম্যাচে বাফুফের আয় ৪ কোটি টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫
হামজাদের তিন ম্যাচে বাফুফের আয় ৪ কোটি টাকা

হামজা চৌধুরী-শোমিত সোমদের যোগ দেওয়ায় পাল্টে গেছে বাংলাদেশ ফুটবল। সেই পাল্টে যাওয়ায় হাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়েও লেগেছে ধাক্কা। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের খেলা তিন ম্যাচ থেকে বাফুফে’র আয় হয়েছে ৪ কোটি টাকা।

বুধবার বাফুফের নির্বাহী সভা শেষে তিন ম্যাচ থেকে ৪ কোটি আয় হয়েছে জানানো হয়। তবে তিন ম্যাচে কত টাকা ব্যয় হয়েছে তা জানাতে পারেনি ফেডারেশন।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা এবং বাংলাদেশ-ভারত ম্যাচে ১ কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে।

খরচের বিষয়ে তিনি জানান, ম্যাচ তিনটিতে খরচ আছে, সেই খরচগুলো আমরা পরবর্তীতে জানাবো।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলেছে ১০ জুন। সেই হিসেবে ছয় মাস হতে চললেও এখনো কেন ব্যয় জানা যাবে না -এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, “ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এ জন্য আয় জানালাম।”

মাঠ সঙ্কটে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আটটি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেগুলোর মধ্যে সিলেট জাতীয় স্টেডিয়ামকে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন।

এ বিষয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, “সিলেট স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেখানে যাতে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাতে পারি, সে জন্য উপযুক্ত করতে ফিফার কাছে সর্বাত্মক সহযোগিতা চাইব।”

সিলেট ছাড়াও ঢাকার অদূরে গাজীপুর স্টেডিয়ামকেও প্রধান্য দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া ক্রমান্বয়ে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাওয়া দেশের সকল স্টেডিয়ামই ফেডারেশন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।



শেয়ার করুন :