বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে চান কোচ হান্সি ফ্লিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬
বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে চান কোচ হান্সি ফ্লিক

বার্সেলোনার সাথে চুক্তি নবায়নের আগ্রহ প্রকাশ করেছেন কোচ হান্সি ফ্লিক। তিনি জানান, ক্লাবটি থেকেই কোচিং ক্যারিয়ারকে বিদায় জানাতে এবং তার আগে ২০১৫ সালের পর প্রথমবারের মতো বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা উপহার দিতে চান।

ফ্লিকের সাথে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ইতোমধ্যেই প্রকাশ করেছেন জার্মান কোচ নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে গত সপ্তাহে ইউরোপীয়ান আসর থেকে বিদায়ের পরও অবশ্য এই প্রস্তাব পরিবর্তিত হয়নি। ৬১ বছর বয়সী ফ্লিকের অধীনে বার্সেলোনা এখনও টানা দ্বিতীয়বারের মত লা লিগা শিরোপা জয়ের পথে ভালোভাবেই টিকে রয়েছে।

সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “অবশ্যই চুক্তি নবায়নের পরিকল্পনা আমার রয়েছে। একইসাথে আমি শতভাগ সততা নিয়ে বলতে চাই এটাই আমার ক্যারিয়ারের শেষ অধ্যায়। আমার জন্য এই অনুভূতিটা সত্যিই অন্যরকম।”

ফ্লিক এমন একটি বার্সা দলের দায়িত্ব নিয়েছিলেন, যারা ২০২৩-২৪ মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি। প্রথম মৌসুমেই তিনি দলটিকে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকোপা জিতিয়েছেন।

এ বছর আরও একটি সুপারকোপা জয় এসেছে এবং লিগ শিরোপা জয়ের সম্ভাবনাও প্রবল। কারণ সাত ম্যাচ বাকি থাকতে রিয়াল মাদ্রিদের থেকে বার্সা নয় পয়েন্ট এগিয়ে রয়েছে।

যদিও চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে সেমি-ফাইনালে ইন্টার মিলানের কাছে আর এ মৌসুমে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকোর কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে।

ফ্লিক বলেন, “আমার কাছে চ্যাম্পিয়ন্স লিগ জয় অনেক বড় স্বপ্ন। আমার জীবনে আমি দুটি জিনিস চাই। প্রথমত, আমরা যেন চ্যাম্পিয়ন্স লিগ জিতি। আগামী কয়েক বছরের জন্য আমাদের একটি ভালো দল আছে, তবে ট্রান্সফার সময়গুলোতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”



শেয়ার করুন :