উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, মেক্সিকোর দারুণ শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ এএম, ১২ জুন ২০২৬
উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, মেক্সিকোর দারুণ শুরু

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে সহ-আয়োজক মেক্সিকো। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মেক্সিকো আধিপত্য বিস্তার করে খেললেও তিনটি লাল কার্ড দেখার ঘটনা ঘটেছে।

ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা কখনোই মেক্সিকোর উপর চাপ সৃষ্টি করতে পারেনি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তাদের দুই খেলোয়াড় স্পেফেহলো সিথোলে ও থেম্বা জওয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের শেষ ভাগে দলটি মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়।

টুর্নামেন্টের প্রথম গোলটি করেন জুলিয়ান কুইনোনেস। পরে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমিনেজ দ্বিতীয় গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্যে মেক্সিকোর যাত্রা দারুণভাবে শুরু হলো।

খেলা শুরুর আগে আতশবাজির কারণে স্টেডিয়ামের আকাশে ছড়িয়ে পড়া মেক্সিকোর পতাকার লাল, সবুজ ও সাদা রঙের ধোঁয়া পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই নবম মিনিটে গোল করে বসেন কুইনোনেস।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দুই পায়ের মাঝ দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। গোলের সঙ্গে সঙ্গেই আজটেকা স্টেডিয়ামের গ্যালারি গর্জে উঠে। এটি ফুটবল ইতিহাসের একমাত্র স্টেডিয়াম, যেখানে তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস ম্যাচের আগে তার খেলোয়াড়দের সতর্ক করেছিলেন যে ৮০ হাজার ৮২৪ দর্শকের ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কারণে মাঠে নেমে তার দলকে বেশ স্নায়ুচাপে ভুগতে দেখা যায়। মেক্সিকোর সমর্থকেরা প্রতিটি সফল পাসের পরই “ওলে! ওলে!” ধ্বনি তুলছিলেন, যা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের উপর আরও চাপ সৃষ্টি করেছে।
sportsmail24

বিশেষ করে সিথোলে শুরু থেকেই ছন্দহীন ছিলেন। প্রথম গোলের সময়ও তার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তোলে মেক্সিকো। সিথোলের হতাশাজনক দিনটি শেষ হয় ৪৯তম মিনিটে। গোলের দিকে একাই এগিয়ে যাওয়া ব্রায়ান গুটিয়েরেক ফাউল করায় তিনি সরাসরি লাল কার্ড দেখেন।

এরপর ৬৭তম মিনিটে মেক্সিকো ব্যবধান দ্বিগুণ করে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে রবার্তো আলভারাদোর ডান দিক থেকে ক্রসে জিমিনেজ দুর্দান্ত হেডে বল জালে পাঠান।

৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও খারাপ হয়। ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে হাত মারার অপরাধে জওয়ানেকে লাল কার্ড দেখানো হয়।

তবে ম্যাচের শেষদিকে কিছু নাটকীয়তাও দেখা যায়। অতিরিক্ত সময়ের আগে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মনটেস পেনাল্টি এলাকার ঠিক বাইরে খুলিসা মুডাওকে অসতর্ক ট্যাকল করলে তিনিও লাল কার্ড দেখেন।

তবুও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করলো মেক্সিকো।



শেয়ার করুন :