ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের ‘প্রবেশ নিষেধ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ পিএম, ২৪ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের ‘প্রবেশ নিষেধ’

ফিফা বিশ্বকাপ- ২০২৬ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বুধবার (২৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জরুরি এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্বকাপ খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

তবে গণপরিবহণ এবং ভারি যানবাহন প্রবেশ সব সময়ের জন্য নিয়ন্ত্রিত থাকবে বলে উল্লেখ করা হয়। এছাড়া অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃমূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্বকাপ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। যেখানে খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরে থেকে শত শত মানুষ খেলা দেখতে ভীড় করেন।



শেয়ার করুন :