বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে থেকেও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলতে উঠেছে ইংল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে পিছিয়ে যাওয়ার পর ৭৫ এবং ৮৬তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে হ্যারি কেইন।
ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল ডিআর কঙ্গো। ম্যাচের ৭ম মিনিটেই বেনি সিপেঙ্গার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। অধিনায়ক শানসেল এমবেম্বার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন সিপেঙ্গা।
শক্তিমত্তার বিচারে কঙ্গো অনেকটা দুর্বল ভাবা হলেও মাঠের ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয় কঙ্গো। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই সমতা ফেরানোর জন্য আক্রমণের পর আক্রমণ চালায় ইংল্যান্ড। অবশেষে ম্যাচের ৭৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় টমাস টুখেলের দল।
মাঠের বাঁ দিক থেকে অ্যান্থনি গর্ডনের উঁচু করে বাড়ানো ক্রসে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন অধিনায়ক কেইন। ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি-এনজাউ বল স্পর্শ করলেও ঠেকাতে ব্যর্থ হন।
১-১ সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে উঠে ইংল্যান্ড। ৭৬তম মিনিটে দুটি বদলি এনে দলের শক্তিও বাড়িয়ে নেন কোচ। তার দশ মিটির পর জয়সূচক গোল পেয়ে যায় ইংল্যান্ড। ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে জয়ের উল্লাসে ভাসান অধিনায়ক কেইন।
বাকি সময়ে কঙ্গোর পক্ষে আর ফিরে না আসায় ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এ জয়ে চলমান বিশ্বকাপের শেষ ষোলতে খেলা নিশ্চিত করলো ইংলিশরা। অন্যদিকে, শেষ ৩২ থেকেই বিদায় ঘটলা ডিআর কঙ্গোর।
