বিশ্বকাপ খেলতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার নারী কাবাডি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
বিশ্বকাপ খেলতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার নারী কাবাডি দল

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। শুক্রবার ঢাকায় পা রেখেছে ভারত এবং জাঞ্জিবার নারী কাবাডি দল। টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে ১৭ নভেম্বর থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।

জাতীয় খেলা কাবাডির এই আন্তর্জাতিক আসরকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখন উৎসবের আমেজ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপের সকল খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং ভেন্যু ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। ২০১২ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতের পাটনায়। সেই আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল জাপানের কাছে। ভারত হয়েছিল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছিল ইরান।

নারী কাবাডি বিশ্বকাপ সামনে রেখে অনেক আগে থেকেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির অংশ হিসেবে নেপালে গিয়ে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এখন বিকেএসপিতে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।


বিষয়ঃ

শেয়ার করুন :