সিরিজ বাংলাদেশের, শেষ ম্যাচে নেপালের স্বান্ত্বনার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৩ জুলাই ২০২৬
সিরিজ বাংলাদেশের, শেষ ম্যাচে নেপালের স্বান্ত্বনার জয়

​চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। ম্যাচটি জিতে স্বান্ত্বনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল।

রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমিয়েছে নেপালের মেয়েরা। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

​ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে ১২-১১ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। ​দ্বিতীয়ার্ধেও বজায় থাকে পয়েন্টের উত্তাপ। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা আনে দুই দল।

ম্যাচ যখন যেকোনো দিকে মোড় নিতে পারে, ঠিক তখনই দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অল-আউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে ২৫-২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা।
sportsmail24

​ম্যাচ হারলেও দিন শেষে ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। শেষ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সিরিজ সেরা পুরস্কার অর্জন করেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

​খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি উসমান গনি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং বিদায়ী সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :