উগান্ডাকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
উগান্ডাকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

দ্বিতীয়বারের মতো আয়োজিত নারী কাবাডি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুইবার লোনাসহ ৪২-২২ পয়েন্টের ব্যবধানে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে ছিল।

সোমবার (১৭ নভেম্বর) জমজমাট উদ্বোধনী শেষে প্রথম ম্যাচেই মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ এবং উগান্ডা। ম্যাচটিতে পুরো গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। নিজ দলের মেয়েদের দারুণ এক জয়ের সাক্ষী হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। গ্যালারিতে সারাক্ষণ ছিল ‌‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগান।

রুপালি-স্মৃতিদের বিপক্ষে প্রথমার্ধে ভালোই লড়াই করেছে উগান্ডার মেয়েরা। শুরুতে বাংলাদেশের মেয়েদের একটু রক্ষণাত্মক মনে হলেও ম্যাচে স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

উগান্ডা প্রথমবারের মতো এসেছে বিশ্বকাপের বড় মঞ্চে। শারীরিক দিক দিয়ে তারা এগিয়েছিল স্বাগতিকদের চেয়ে। তবে অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিল বাংলাদেশ। তারপরও প্রথমার্ধে উগান্ডাকে খুব বেশি পিছিয়ে রাখা যায়নি। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিল।

বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ ছিল খেলায়। একটা সময় তো বাংলাদেশের অর্ধ্বে ছিলেন কেবল স্মৃতি আক্তার। পয়েন্টেও ছিল সমতা। পরে আফ্রিকান প্রতিনিধি উগান্ডা এগিয়েও গিয়েছিল। তবে ডু অর ডাই রেইডে দু’জনকে ঘায়েল করে স্মৃতি দারুণভাবে দলকে ম্যাচে ফেরান। এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে দুই বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৪২-২২ পয়েন্টে। অর্থাৎ দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে ২৮ পয়েন্ট তুলেছে, সেখানে উগান্ডা তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট।


বিষয়ঃ

শেয়ার করুন :