চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হারলো ইরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২৫
চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হারলো ইরান

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলা নারী কাবাডি বিশ্বকাপে ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চাইনিজ তাইপে। অন্যদিকে, নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম হারের তিক্ত স্বাদ পেল ২০১২ বিশ্বকাপের রানার্স-আপ ইরান।

বৃহস্পতিবার ম্যাচের শুরুতে দুবার এগিয়ে যায় ইরান। গত বিশ্বকাপের রানার্স-আপ দলটির স্বস্তি কেড়ে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ পয়েন্টে সমতায় ফিরে চাইনিজ তাইপে।

সমতায় ফিরে দারুণ গতিতে ছুটতে থাকে টাইনিজ তাইপে। ইরানকে এক দফা অলআউট করে ১০-৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ দিকে ইরান টানা ৪ পয়েন্ট পেলেও চাইনিজ তাইপে প্রথমার্ধ শেষ করে ১৭-১১ ব্যবধানে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে ইরান চেষ্টার ত্রুটি রাখেনি, তবে টেকনিকে তাইনিজ তাইপের সাথে পেরে ওঠেনি। কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এ অর্ধেও আধিপত্য ধরে রাখে। একের পর এক পয়েন্ট তুলে তারা ম্যাচ জিতে নেয় ৩১-২১ পয়েন্টে।

এই জয়ে জাঞ্জিবার ও কেনিয়াকে আগের দুই ম্যাচে হারিয়ে আসা চাইনিজ তাইপে এবারের আসরের পদকের অন্যতম দাবিদার হয়ে উঠেছে।

ইরানকে হারানোর পর চাইনিজ তাইপের খেলোয়াড় সু চিন হুয়াং বলেন, “ইরান সম্পর্কে আমরা জানতাম। আগেও দু’বার তাদের মুখোমুখি হয়েছি আমরা। ফলে তাদের কৌশল সম্পর্কে আগে থেকেই জানতাম। তারা আজ কোন কৌশলে খেলবে, সেই প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলাম। ইরান তাদের আগের কৌশলেই খেলেছে।”

তিনি আরও বলেন, “শুরু থেকে আমরা বলে আসছি, আমরা ফাইনাল খেলবো। আমরা সেই পথেই আছি।”



শেয়ার করুন :