ঢাকার মিরপুরে চলমান পাকিস্তান সিরিজে টিকিট কেটে গ্যালারিতে বসে দর্শনার্থীদের জন্য বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সিরিজের প্রথম ম্যাচের পর দর্শনার্থীদের জন্য সেই সুযোগ বাতিল করলো বিসিবি।
সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্টেডিয়ামে প্রবেশের শর্তাবলী সম্পর্কিত বিশেষ নির্দেশি শিরোনােমে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় ম্যাচের খেলা দেখতে আগ্রহী দর্শকদের কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিষয়টি বাস্তবায়নের জন্য সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য আগত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শনাথীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, গ্যালারীতে কয়েকগুণ দামে খাবার ও পানীয় বিক্রি করা হয়। যার ফলস্রুতিতে পাকিস্তান সিরিজে বাইরে থেকে খাবার এবং পানি নিয়ে প্রবেশের সুযোগ দিয়েছিল বোর্ড।
তবে ঠিক কি কারণে এক ম্যাচ পরেই তা বাতিল করা হলো তার সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে শুধু উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তাজনিত কারণে বোর্ড এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
