বিসিবির নির্বাচন: দ্বিতীয় দফায় বাড়লো সময়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বিসিবির নির্বাচন: দ্বিতীয় দফায় বাড়লো সময়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে। বাড়ানো সময়সীমা অনুযায়ী ২২ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিসিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিসিবির নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে কাউন্সিলর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা ছিল ১৭ সেপ্টেম্বর। পরে ১৪ সেপ্টেম্বর দুইদিন বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়।

দ্বিতীয় দফায় আরও তিনদিন বাড়ানো হলো। সর্বশেষ বাড়ানো সময় অনুযায়ী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন ফর্ম।

বিসিবির বার্তায় জানানো হয়, ১৯ সেপ্টেম্বরের (শুক্রবার) পরিবর্তে ২২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সকল সংশ্লিষ্ট পক্ষকে সর্বশেষ বর্ধিত সময়সীমার মধ্যে কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।

পরিচালক নির্বাচন ২০২৫ সামনে রেখে ৬ সেপ্টেম্বর তিন সদস্যের নির্বাচন কমিশন (ইসি) গঠন করে বিসিবি। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন।

নির্বাচনে কমিশনের বাকি দু’জন সদস্য হলেন- বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।



শেয়ার করুন :