বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরে (বিসিবি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তামিম ইকবাল। সেই লক্ষ্যে প্রথম ধাপ পূর্ণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদ পেয়েছেন তিনি।
বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তামিম ইকবাল ছাড়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আগ্রহ প্রকাশ করেছেন। যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচন হতে যাচ্ছে।
পরিচালক পদে বিসিবিতে নির্বাচনে প্রার্থী হতে প্রথম পদক্ষেপ হলো কাউন্সিলর পদ। যেটা পুরণ করলেন তামিম ইকবাল। তামিম ছাড়াও ঢাকার অন্যান্য ক্লাবগুলো তাদের কাউন্সিলর দিয়েছে।
দুই দফা বাড়িয়ে বিসিবি কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়া সময়সীমা এখন ২২ সেপ্টেম্বর। এর মধ্যে বিসিবি বরাবর সকল কাউন্সিলের তালিকা জমা দিতে হবে। ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য কাউন্সিলর তালিকা গুরুত্বপূর্ণ।
বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন মোট ২৫ জন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ (সি) ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
