২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা পেসার কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের অবসান ঘটিয়ে তার পাশে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিকের অসহায়ত্বের কথা জানতে পেরে তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হলো।
শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অনিকের ডেকে নিয়ে এসে এই সহযোগিতার তথ্য জানান।
সাংবাদিকদের আমিনুল হক বলেন, “আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সব সময় প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের সর্বোচ্চ গুরুত্ব দেন। অনিক আমাদের দেশের সম্পদ, কিন্তু ইনজুরি ও অবহেলায় তিনি আজ মাঠের বাইরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনিক সুস্থ হয়ে মাঠে না ফেরা পর্যন্ত তার চিকিৎসা ও সার্বিক সব ধরনের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহন করবে।”
তিনি আরও বলেন, “এর আগে আমরা অনেক ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছি, সেই ধারাবাহিকতায় অনিককেও খেলায় ফেরা পর্যন্ত সহযোগিতা করা হবে।”
সহযোগিতার আশ্বাস পেয়ে কাজী অনিক বলেন, “বাস্তবতা আমাকে অনেক কঠিন শিক্ষা দিয়েছে। আমি বিসিবির দু-একজনের কাছে সাহায্য চেয়েও পাইনি। তারা প্রসেসের কথা বলে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু তারেক রহমান স্যার এবং আমিনুল ভাই যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ।”
যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য অনিক আরও বলেন, “আমার জানামতে কোনো ক্রিকেটারের পাশে এভাবে আগে কেউ দাঁড়ায়নি। আমি এখন নিজেকে নতুন করে প্রস্তুত করে আবারও দেশের জন্য ভালো কিছু করতে চাই।”
দীর্ঘদিন ইনজুরি ও আর্থিক সংকটে থাকা বাঁহাতি পেসার কাজী অনিক আবারও ২২ গজে ফেরার নতুন স্বপ্ন দেখছেন। জানান, আমি আবারও ক্রিকেট মাঠে ফিরবো।
