পাকিস্তান সিরিজে দলে ফিরলো আফিফ-লিটন, বাদ জাকের-শামীম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৫ মার্চ ২০২৬
পাকিস্তান সিরিজে দলে ফিরলো আফিফ-লিটন, বাদ জাকের-শামীম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজে নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং আফিফ হোসেন ধ্রুব।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের দল থেকে ৬ জন বাদ পড়েছেন। যাদের মধ্যে রয়েছেন জাকের আলী অনিক-শামীম পাটোয়ারীরা।

বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজ থেকে কাজী নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ বাদ পড়েছেন।

নতুন ছয় মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, বাদ বাবর আজম

বিসিবি জানিয়েছে, পেসার হাসান মাহমুদ ডান হাতের কনুইয়ের ব্যথায় ভুগছেন এবং তানজিম হাসান সাকিব পিঠের ব্যথা থেকে সেরে উঠলেও বিশ্রামে রাখা হয়েছে। তবে চলতি মাসের শেষের দিকে তাদের পূর্ণ ফিটনেস ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

দল নিয়ে নির্বাচন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, ‍“মিডল অর্ডারে বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। তবে দুর্ভাগ্যবশত কেউ কেউ তাদের জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট পারফরর্ম করতে পারেনি। সেই বিষয়টি মাথায় রেখে, আফিফ হোসেনকে দলে ফিরিয়ে আনা হয়েছে।”

দলে ফিরেছে যারা
লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, শরীফুল ইসলাম

লিটন দাসকে নিয়ে তিনি বলেন, “লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে তার খেলা নিয়ে কোচদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি সে, শীঘ্রই এই ফর্ম্যাটে তার সেরা ফর্মে ফিরতে পারবে এবং মিডল অর্ডার শক্তিশালী করার জন্য তাকে একজন বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

বাদ পড়েছে যারা
জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১১ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।



শেয়ার করুন :