জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ২০ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে জরিমানা

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশকে জরিমানা করেছে আইসিসি। আবুধাবিতে শনিবার অনুষ্ঠিত ম্যাচটিতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের ডেভিড গিলবার্ট এই শাস্তি দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ, নির্ধারিত সময়ে বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ন্যূনতম ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনেন।

ওই ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের ব্যবধানে হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ।



শেয়ার করুন :