হৃদয়-লিটনের বড় অগ্রগতি, অবনতির তালিকায় মুশফিক-শান্ত-মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের বড় অগ্রগতি, অবনতির তালিকায় মুশফিক-শান্ত-মমিনুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ব্যাট হাতে ব্যক্তিগত পারফম্যান্সের পুরস্কার পেয়েছে লিটন দাস ও তাওহিদ হৃদয়। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের এই ব্যাটারের।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে দুজনই সেঞ্চুরি করেছেন। হৃদয় ২২৭ বলে ১৩৭, আর লিটন ১৭৯ বলে করেন ১২০ রান। তবে দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচটি ৯ উইকেটে হারে বাংলাদেশ।

দল হারলেও নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন লিটন দাস। অন্যদিকে, ২৮ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠেছেন তাওহিদ হৃদয়।

তবে একই টেস্টে সাধারণ মানের পারফরম্যান্স করায় বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটারের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।

চার ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন মুশফিকুর রহিম। তিন ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৩৫তম স্থানে। আর ১৮ ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে নেমেছেন মমিনুল হক।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করার পর এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।



শেয়ার করুন :