আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ

এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোর ফল হাতেনাতে পেল বাংলাদেশ। দেশটিকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

আবু ধাবিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা।

আফগানিস্তানকে হারানোর ফলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দশম স্থান থেকে নবম স্থানে উঠে বাংলাদেশ। বিপরীতে এক ধাপ পিছিয়ে নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।

এক ধাপ উপরে উঠলেও বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং সমান ২২২। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে নবম স্থানে উঠেছে টাইগাররা।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত, তাদের রেটিং ২৭১। ২৬৬ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ২৫৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত রয়েছে যথাক্রমে- নিউজিল্যান্ড (২৫৩), দক্ষিণ আফ্রিকা (২৪৩), ওয়েস্ট ইন্ডিজ (২৩৮), শ্রীলংকা (২৩২) এবং পাকিস্তান (২৩২)।



শেয়ার করুন :