মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ এবং প্রতিপক্ষ খেলোয়াড়কে উদ্দেশ্য করে ‘সেন্ড অফ’ দেওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেটার শারমিন সুলতানা এবং নাহিদা আক্তারকে জরিমানা করেছে আইসিসি। একই সাথে শাস্তি হিসেবে তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এমন ঘটনা ঘটে। শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
জরিমান হিসেবে দু’জনেরই ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আর শাস্তি হিসেবে দু’জনের নামের পাশে যোগ হয়েছে ১টি করে ডিমেরিট পয়েন্ট। দু’জনেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।
ঘটনা দুটি ঘরে বাংলাদেশের ইনিংসে ১৬তম এবং শ্রীলঙ্কা ইনিংসের ১৭তম ওভারে। বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর সারমিন ব্যাটের দিকে ইশারা করে অতিরিক্ত হতাশা প্রকাশ করেন এবং মাঠ ছাড়তে দেরি করেন।
এছাড়া শ্রীলঙ্কার ইনিংসে ১৭তম ওভারে অধিনায়ক চামারি আথাপাত্তু আউট হওয়ার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করে বিদায় জানান এবং উদযাপন করেন।
মাঠের দুই আম্পায়ার এলোইস শেরিডান ও রোকেয়া সুলতানার সঙ্গে থার্ড আম্পায়ার ডলি রাণী সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি মিলে শারমিন ও নাহিদার বিরুদ্ধে অভিযোগ আনেন।
এই অভিযোগের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি সুপ্রিয়া রাণী দাস। দুজন ক্রিকেটারই নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
