২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা শেষ না হতেই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে- গোল্ডেন বুট। কারণটাও স্পষ্ট, তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত গতিতে একের পর এক গোল করে চলছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত ৪১ ম্যাচে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭টি, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
চলমান আসর দিয়ে ইতিমধ্যে বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজেদের দুই ম্যাচে মোট পাঁচ গোলের সবগুলোই তিনি করেছেন। এর মধ্য দিয়ে ছয় বিশ্বকাপে ১৮ গোলের মালিক মেসি, যা বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোল।
এখন পর্যন্ত পাঁচ গোল করা মেসিকে তাড়া করে চলছেন কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড। যাদের দুজনেরই এখন পর্যন্ত গোলসংখ্যা চার। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও হ্যারি কেনও রয়েছেন এ প্রতিযোগিতায়।
জার্মান কিংবদন্তি গার্ড মুলার ছিলেন সর্বশেষ খেলোয়াড়, যিনি আসরে দুই অঙ্কের গোল করেছিলেন। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ১০ গোল করেছিলেন তিনি। এরপর থেকে মাত্র তিনটি আসর বাদে প্রতিটি বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা ছয় বা তার কম ছিল।
এছাড়া ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এক আসরে ১৩ গোল করে যে দীর্ঘস্থায়ী রেকর্ড গড়েছিলেন। তবে সেটিও এবার হুমকির মুখে পড়া শঙ্কা রয়েছে। আর্জেন্টাইন অধিানয়ক লিওনেল মেসি দুই ম্যাচেই করেছেন পাঁচ গোল।
চলমান বিশ্বকাপে মেসিই সবচেয়ে উজ্জ্বল তারকা। তবে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সম্ভাবনার বিচারে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমবাপ্পে। চার বছর আগে কাতার বিশ্বকাপে আট গোল করে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন।
বর্তমানে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠা ২৭ বছর বয়সী এমবাপ্পে মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের মোট গোলসংখ্যা (১৮) থেকে মাত্র দুই গোল পিছিয়ে আছেন।
চলমান আসরে এমবাপ্পের সমান চার গোল নিয়ে দৌড়ে রয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। ২৫ বছর বয়সী শক্তিশালী এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে ৫২ ম্যাচে করেছেন ৫৯ গোল।
এছাড়া জার্মানির ডেনিজ উনডাভ ও কানাডার জোনাথ ডেভিড তিনটি করে গোল করেছেন। আর দুই গোল নিয়ে লম্বা দৌড়ে রয়েছেন কেন ও রোনালদো।
দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির কাছ থেকে মঙ্গলবার কিছু সময়ের জন্য আলো কেড়ে নিয়েছেন রোনালদো। বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড করা রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে করেছেন দুই গোল। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোলসংখ্যা এখন ১৪৫।
রোনালদো ছাড়াও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জেতা হ্যারি কেনও করেছেন দুই গোল। মঙ্গলবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে একটি নিশ্চিত সুযোগ নষ্ট করায় গোল সংখ্যা আর বাড়াতে পারেননি।
