এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের কম্পাউন্ড নারী দলের স্বর্ণপদক জয় করেছে। ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ–ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ–২-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল।
স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন প্রতিভাবান আর্চার। তারা হলেন- বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি এবং শ্রীপর্না বিশ্বাস।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০।
অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।
এই অর্জন বাংলাদেশের আর্চারীর অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো এই স্বর্ণপদক জয়।
