গোলের সংখ্যায় ১৯৭০ ছাড়িয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৯ জুলাই ২০২৬
গোলের সংখ্যায় ১৯৭০ ছাড়িয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ

চলমান ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনাল পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত চলমান আসরে প্রতি ম্যাচে গড়ে যত গোল হয়েছে, তা ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের পর যেকোনো বিশ্বকাপের চেয়ে বেশি।

বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৯৬টি ম্যাচে ২৮০টি গোল হয়েছে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২.৯২টি গোল। যা ইতিমধ্যে ১৯৭০ সালের পর অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপের গড় গোল সংখ্যা ছাড়িয়ে গেছে।

১৯৭০ সালের বিশ্বকাপে অবশ্য ম্যাচ ছিল মাত্র ৩২টি, তবে সেখানে প্রতি ম্যাচে গড়ে ২.৯৭টি গোল হয়েছিল। গত ৫৬ বছরে সেই গড় আর কোনো বিশ্বকাপে অতিক্রম করেনি। এছাড়া ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে ২.৭৮টি গোল হয়েছিল, যা এবারের আসরও ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপ ইতিহাসে গোলের দিক থেকে এখনও সেরা আসর ১৯৫৪ সালের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে মাত্র ২৬টি ম্যাচে ১৪০টি গোল হয়েছিল, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৫.৩৮টি গোল। এমন রেকর্ড ভবিষ্যতে ভাঙা প্রায় অসম্ভব বলেই ধরা হয়।

অন্যদিকে, প্রতি ম্যাচে সবচেয়ে কম গোলের বিশ্বকাপ ছিল ইতালিয়া ’৯০। সেই আসরে গড়ে মাত্র ২.২১টি গোল হয়েছিল। সর্বশেষ তিনটি ৬৪ ম্যাচের বিশ্বকাপে গোলের গড় ছিল বেশ কাছাকাছি- ২০১৪ সালে ২.৬৭, ২০১৮ সালে ২.৬৪ এবং ২০২২ সালে ২.৬৯।

বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করা এবং তুলনামূলক দুর্বল দলগুলোর অংশগ্রহণও হয়তো গোলের সংখ্যা বাড়ার একটি কারণ। তবে আগের আসরগুলোর তুলনায় এবারের এই বৃদ্ধি সত্যিই উল্লেখযোগ্য।



শেয়ার করুন :