স্পেন-ফ্রান্স সেমি-ফাইনাল ম্যাচে রেফারি বার্টন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৪ জুলাই ২০২৬
স্পেন-ফ্রান্স সেমি-ফাইনাল ম্যাচে রেফারি বার্টন

যুক্তরাষ্ট্রের ডালাসে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল। ম্যাচটির রেফারিদের নাম চূড়ান্ত করেছে ফিফা। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ইভান বার্টন।

এ ম্যাচ দিয়ে পুরুষদের বিশ্বকাপের সেমি-ফাইনালে প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে ইতিহাস গড়বেন বার্টন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ৩৫ বছর বয়সী বার্টন।

গ্রুপ পর্বে প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচ, জাপান-সুইডেন এবং শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি। এবারের বিশ্বকাপে সেমি-ফাইনাল হবে বার্টনের চতুর্থ ম্যাচ।

তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্টন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেন বার্টন। কারণ ম্যাচ চলাকালীন মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরের উদ্দেশ্যে কিছু বলেন আলমিরন। এটি দেখে ফেলেন বার্টন। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান তিনি।

মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ডের ঘটনা এই বিশ্বকাপে প্রথম তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে ঘটেছে। বিশ্বকাপ ছাড়াও নিয়মিত নেশনস লিগ ও গোল্ড কাপসহ একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে বার্টনের।

প্রথম সেমি-ফাইনালে সহকারী রেফারি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন বার্টনের স্বদেশি ডেভিড মোরান এবং সহকারী রেফারি-২ হিসেবে থাকছেন নিকারাগুয়ার আন্তোনিও পুপিরো। এছাড়া চতুর্থ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সুইডেনেরই গ্লেন নিয়বার্গ ও মাহবোদ বেগি।



শেয়ার করুন :