বিশ্বকাপজয়ীদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেবে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৭ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ীদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেবে ফিফা

ছবি ফিফার ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপজয়ী দলকে সম্মান জানাতে ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দিবে ফিফা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতির অনুকরণে চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ফিফার কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ীরা পাবেন বিশেষভাবে নকশা করা এই রিং।

ফিফা জানিয়েছে, মোট ২,০২৬টি সীমিত সংস্করণের রিং তৈরি করা হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা পাবেন ৩০টি। বাকি ১,৯৯৬টি বিশ্বজুড়ে সমর্থকদের জন্য অফিসিয়াল লাইসেন্সড পণ্য হিসেবে বিক্রি করা হবে।

প্রতিটি রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় অনুযায়ী কাস্টমাইজ করা নকশা। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর, ব্যবহারকারীর জন্য নির্ধারিত মাপ এবং সত্যতা নিশ্চিতকারী সনদও থাকবে।

১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিফা জানিয়েছে, ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে তাৎক্ষণিকভাবে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি রিং আলাদাভাবে কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দিবে ফিফা।

ফিফার বিশ্বাস, এই চ্যাম্পিয়নশিপ রিং বিশ্বকাপজয়ের স্মৃতিকে আরও অনন্য করে তুলবে এবং ফুটবল ইতিহাসে নতুন এক ঐতিহ্যের সূচনা করবে।

প্রথমবারের মতো ফিফার এই বিশেষ আয়োজন ভক্তদের আগ্রহ বাড়াবে বলেও বিশ্বাস করে ফিফা। বিশ্বজুড়ে সমর্থকদের জন্য অফিসিয়াল লাইসেন্সড পণ্য হিসেবে ১,৯৯৬টি রিং বিক্রি কথা বলা হলেও প্রতিটার মূল্য কত হবে তা প্রকাশ করেনি ফিফা।



শেয়ার করুন :