ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৫ কোটি ডলার পুরস্কার পেয়েছে স্পেন দল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে এই বড় অংকের অর্থ পুরস্কার পেল স্প্যানিশরা।
ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। ফলে তারা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৭ কোটি টাকা।
ডিসেম্বরে ফিফা ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালে অনুষ্ঠিত ২৩তম ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজানি থাকছে। ৮৭ কোটি ১০ লাখ ডলার নির্ধারণ করেছিল ফিফা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৭২৫ কোটি টাকা। গত বিশ্বকাপের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২২ সালে কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার।
গত আসরের শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। আর রানার্স-আপ দল ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার। এবার তৃতীয় হয়ে ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স জিতেছে ২ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড বাদ পড়েছে। প্রত্যক দল ১ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২৩৩ কোটি টাকা করে পেয়েছে।
এছাড়া শেষ ষোলো থেকে বাদ পড়ে আট দল- প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা।
শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার বা ১৩৫ কোটি টাকা করে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর জন্যও প্রাইজমানি রেখেছে ফিফা। দলগুলো পেয়েছে ৯০ লাখ ডলার বা প্রায় ১১০ কোটি টাকা করে।
এছাড়া এবার বিশ্বকাপের শুরুতে প্রস্তুতিমূলক খরচ বাবদ দলগুলোকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।
