বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
বলা হয়, সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। সেই সময়ের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। আগামী ৫ কিংবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রবিবার (২৩ আগস্ট) হঠাতই বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। জাতীয় স্টেডিয়ামের মাঠ ছাড়াও ড্রেসিংরুম, গ্যালারি ও প্রেস বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন তারা।
রবিবার ঢাকায় জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধিরা, ছবি-বাফুফে
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভারতের খেলতে আসা ব্রাজিল ফুটবল দল বাংলাদেশে অনুশীলন করতে পারে। সেই সূত্র ধরেই প্রতিনিধি দলের ঢাকা সফর। তবে বাংলাদেশ ঘুরে দেখে তারা লাল-সবুজের প্রতিনিধি দল হামজা-জামালদের বিপক্ষে ম্যাচ খেলারও আগ্রহ প্রকাশ করেছে।
৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এখন সব কিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর একই মাঠে খেলেছে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচ ৩-১ গোলে জয়ী হয়েছিল লিওনেল মেসিরা। তবে এবার ভিন্ন কোন দল নয়, খোদ বাংলাদেশের বিপক্ষেই মাঠে খেলবে ব্রাজিল।
