ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর জন্য বাংলাদেশের ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়েছে। 'গ্রুপ এ'-তে খেলা বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।
২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় (বাংলাদেশ সময়) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
সর্বশেষে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময়) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে হামজা-জামালরা। বাংলাদেশের তিনটি ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পরই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে প্রস্তুতি। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে নেই। তবে চূড়ান্ত দলে তাদের থাকার কথা এবং টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা।
বাংলাদেশের ম্যাচ-সূচি
২৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-মালয়েশিয়া
২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ-সিঙ্গাপুর
১ অক্টোবর: বাংলাদেশ-ইন্দোনেশিয়া।
