মাঠে খেলোয়াড়ের হার্ট অ্যাটাক, দলীয় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাঠে খেলোয়াড়ের হার্ট অ্যাটাক, দলীয় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

ম্যাচ চলাকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এক বছর পর দলীয় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার সাভানাহ ডেমেলো। রেসিং লুইসভিলের এই মিডফিল্ডার অভিযোগ, মাঠে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার আগে তার শারীরিক সমস্যা সঠিকভাবে শনাক্ত করতে দলের চিকিৎসকরা ব্যর্থ হয়েছিলেন।

ইউওএল হেলথ ও দুই চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলাটি করেছেন ডেমেলো। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল উইমেন’স সকার লিগের (এনডব্লিউএসএল) ম্যাচে সিয়াটলের বিপক্ষে খেলতে গিয়ে প্রথমার্ধে মাঠেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় সাভানাহ ডেমেলোর।

অভিযোগপত্রে বলা হয়, ইউওএল হেলথ ‘যুক্তিসংগতভাবে বিচক্ষণ ও দক্ষ একটি চিকিৎসা প্রতিষ্ঠানের মতো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে’। ডেমেলোর গুরুতর শারীরিক ক্ষতির অন্যতম কারণ হিসেবে চিকিৎসকদের এই অবহেলার কথা উল্লেখ করা হয়েছে।

জেফারসন সার্কিট কোর্টের এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মামলাটি দায়ের করা হয়েছে, যা মাঠে ডেমেলোর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঘটনার এক বছর এক দিন পর।

ডেমেলো ও ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মৌসুম শেষে ইউওএল হেলথের সঙ্গে আর কাজ করবে না রেসিং লুইসভিল। ২০২৭ মৌসুমের আগে নতুন চিকিৎসা সহযোগী খুঁজছে ক্লাবটি। মামলায় নাম থাকা দুই চিকিৎসকের কেউই ক্লাবের সরাসরি কর্মী নন, দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির আওতায় তারা দলের সঙ্গে কাজ করতেন।

ডেমেলোর চুক্তির মেয়াদও চলতি মৌসুম শেষে শেষ হওয়ার কথা ছিল। তবে তাকে ক্লাবে রাখার বিষয়ে রেসিং লুইসভিলের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে। লিগের অনুমোদন পাওয়ার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে, ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা আসতে পারে।

প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার কাছাকাছি রয়েছেন ডেমেলো। চলতি সপ্তাহে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছেন তিনি। ২৫ সেপ্টেম্বর সান দিয়েগো ওয়েভের বিপক্ষে ম্যাচেই তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের এনডব্লিউএসএল ড্রাফটে চতুর্থ পছন্দ হিসেবে রেসিং লুইসভিলে যোগ দেন ডেমেলো। ক্লাবটির হয়েই পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন তিনি। মাঝমাঠে সৃজনশীলতা ও সেট-পিসে দক্ষতার কারণে ২০২৩ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলে জায়গা পান ডেমেলো। জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসের তৃতীয় খেলোয়াড় তিনি।



শেয়ার করুন :