রমনার টেনিস কমপ্লেক্সে কোয়ার্টার ও সেমি-ফাইনালে জমজমাট লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৬
রমনার টেনিস কমপ্লেক্সে কোয়ার্টার ও সেমি-ফাইনালে জমজমাট লড়াই

ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্বের লড়াই। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে জমজমাট লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

তরুণ টেনিস তারকাদের গতি ও কৌশলী শটে মুখরিত ছিল কোর্ট চত্বর। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।

বালিকা এককের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন চীনের জিরু ইয়াং। তিনি ৬-২, ৭-৫ গেমে তাইসিয়া কোরোতচেঙ্কোকে হারিয়ে দিয়েছে।

একই ইভেন্টের অন্য ম্যাচে চীনের জিমো সং একপেশে খেলায় দক্ষিণ কোরিয়ার হেইজু কোয়ানকে ৬-১, ৬-০ গেমে সহজেই হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের তৃতীয় বাছাই পারমীতে তাদকায়েভ ভারতের জানভি আসাওয়াকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দাপুটে জয় দিয়ে শেষ চারে জায়গা করে নেন। তবে দিনের সবচেয়ে নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচটি উপহার দেন চীনের ইউহান ঝু এবং শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিস।

প্রথম সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দারুণভাবে কামব্যাক করে ইউহানসা পেইরিস ৬-৭ (৩), ৬-৪, ৬-৪ গেমে রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে সেমি-ফাইনালে পৌঁছায়।

এদিকে, বালক এককের কোয়ার্টার ফাইনালগুলোতেও ছিল টানটান উত্তেজনা। শীর্ষ বাছাই থাইল্যান্ডের ত্রি শ্রীসেন জাপানের রিয়ুনোসুকে ইয়াগিনুমাকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। চাইনিজ তাইপের তৃতীয় বাছাই জিশে চেন ভারতের সাকশাম ভনশালিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সেমি-ফাইনালে নাম লেখায়।

থাইল্যান্ডের পাচারাপোল লিকুল ৬-৩, ৬-৩ গেমে চাইনিজ তাইপের ওয়ে-চেং ট্যাংকে এবং চাইনিজ তাইপের ইয়েন-চিয়া সেং ৬-২, ৬-০ গেমে চীনের শাওশুয়াইজিয়া শাওকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেন।

এককের পাশাপাশি দ্বৈত ইভেন্টের সেমি-ফাইনালেও দেখা গেছে শ্বাসরুদ্ধকর লড়াই। বালিকা দ্বৈতের সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার হিয়েজু কোয়ান ও ভারতের সাজফা ওয়ানিয়া জুটি ৫-৭, ৬-১, (১০-৩) গেমে চীনের জিমো সং ও ইউহান ঝু জুটিকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।

দিনের অন্য সেমি-ফাইনালে চীনের ঝেনক্সি ডং ও শুয়াং ঝু জুটি ৬-২, ৬-৩ গেমে ভারতের জানভি আসাওয়া ও বাংলাদেশের উদীয়মান টেনিসকন্যা ইয়ান্না চৌধুরী জুটিকে পরাজিত করে।

অন্যদিকে, বালক দ্বৈতের সেমি-ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই পাচারাপোল লিকুল ও ত্রি শ্রীসেন জুটি ৬-১, ৬-৩ গেমে সহজেই হারায় আন্দ্রে হারনাদি ও তোমোহিসা শিওয়া জুটিকে।

অন্য সেমি-ফাইনালে ভারতের সাকশাম ভনশালি ও শ্লোক চৌহান জুটি ৬-৩, ৬-৪ গেমে চাইনিজ তাইপের দ্বিতীয় বাছাই জিশে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটিকে পরাজিত করে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।


বিষয়ঃ

শেয়ার করুন :