রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে আইএফটি টেনিস টুর্নামেন্ট-২০২৫। ৯ দিনব্যাপী টুর্নামেন্টটি ৪ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১০ অক্টোবর। টুর্নামেন্টে অংশ নিতে ১৯ দেশের ১৪৯ জন টেনিস খেলোয়াড় নিবন্ধন করেছেন।
আন্তর্জাতিক এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার (১৫ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আইএফটি টেনিস টুর্নামেন্ট-২০২৫ এর খেলা পরিচালনা, খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা, টেনিস কোর্টের সংস্কার, প্রটোকল এবং খেলার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১৯টি দেশের ১৪৯ জন খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধন করা টেনিস খেলোয়াড়দের মধ্যে ১১০ জন ছেলে ও ৩৯ জন মেয়ে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, টুর্নামেন্টটি রাজশাহী তথা দেশের জন্য মর্যাদার বিষয়। তাই টুর্নামেন্ট সফল করতে যা যা করা প্রয়োজন আমরা সব কিছুই করব।
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং টেনিস কমপ্লেক্স সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
