টানা দুই ম্যাচ জরিমানার কবলে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫
টানা দুই ম্যাচ জরিমানার কবলে শ্রীলঙ্কা

ওয়ানডেতে টানা দুই ম্যাচ জরিমানার কবলে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কাকে জরিমানা করা হয়েছে।

রোববার হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে। এক বিবৃতিতে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ কথা জানিয়েছে।

বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করা হয়েছে। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ফিল্ডিং দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হবে।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ওপেনার পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় লঙ্কানরা। প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল শ্রীলঙ্কা। তাই দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।



শেয়ার করুন :