হেটমায়ারের রেকর্ড ও শেফার্ডের হ্যাটট্রিক, স্কটল্যান্ডকে হারিয়ে ক্যারিবীয়দের বিশ্বকাপ যাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
হেটমায়ারের রেকর্ড ও শেফার্ডের হ্যাটট্রিক, স্কটল্যান্ডকে হারিয়ে ক্যারিবীয়দের বিশ্বকাপ যাত্রা

বাংলাদেশের পরিবর্তে দুর্বল স্কটল্যান্ডকে পেয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়ে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৩৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে ক্যারিবীয়রা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া শিমরন হেটমায়ারের ইনিংসে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুততম ফিফটির রেকর্ড গড়া হেটমায়ার ৩৬ বলে ৬টি ছক্কা এবং ২টি চারের মারে ৬৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের দাপটের মুখে ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ফলে ৩৫ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডজ। দলের জয়ের হ্যাটট্রিক-সহ ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ৫০ বলে ৫৪ রানের সূচনা এনে দেন ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। দলীয় ৫৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন তারা। কিং ৩০ বলে ৩৫ ও হোপ ২২ বলে ১৯ রান করেন।

নবম ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড বোলারদের উপর চড়াও হন হেটমায়ার। ২২ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। তৃতীয় উইকেটে রোভম্যান পাওয়েলের সাথে ৩৭ বলে ৮১ রান যোগ করেন হেটমায়ার।

১৯তম ওভারে দলীয় ১৭৫ রানে থামেন হেটমায়ার। ২টি চার ও ৬টি ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করেন এই বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার। এছাড়া পাওয়েলের ১৪ বলে ২৪ এবং শেরফানে রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বার্ড কুরি ২ উইকেট নেন।

১৮৩ রান তাড়া করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭৮ রানের জুটিতে স্কটিশদের লড়াইয়ে ফেরান অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। দলীয় ১১৫ রানে বেরিংটন এবং ১২২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ব্রুস।

বেরিংটন ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ এবং ব্রুস ৩৫ রানে আউট হবার সময় ৫ উইকেট হাতে নিয়ে ৩৩ বলে ৬১ রান দরকার ছিল স্কটল্যান্ডের।

ইনিংসের ১৭তম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন শেফার্ড। আর সেখানেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে যায়। ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটিশরা।

৩ ওভারে ২০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে দশম হ্যাটট্রিকের নজির গড়েন তিনি। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একবার হ্যাটট্রিক করেছিলেন শেফার্ড।

গত বছরের অক্টোবরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। শেফার্ডের হ্যাটট্রিকের দিনে ম্যাচ সেরা হন হেটমায়ার।



শেয়ার করুন :