ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একাদশে নেই তারকা পেসার মোস্তাফিজুর রহমান। পিএসএল ছেড়ে দেশে উড়ে আসা ফিজকে নিয়ে সব ধরনের প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে একাদশ থেকে ছিটকে গেছেন।
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পুরোদমে প্রস্তুতি নিয়েছিলেন মোস্তাফিজ। তবে টসের আগ মুহূর্তে ওয়ার্ম আপের সময় হাঁটুতে অস্বস্তিবোধ করায় তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজম্যান্ট।
একাদশ থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া বিষয়ে দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ওয়ার্ম আপের সময় মোস্তাফিজ ডান হাঁটুতে অস্বস্তিবোধ করায় টসের আগে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।
মোস্তাফিজের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন পিএসএলে দারুণ বোলিং করা অপর পেসার শরিফুল ইসলাম। এছাড়া বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন আনা হয়নি।
মোস্তাফিজের অনুপস্থিতিতে একাদশে তিনি পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শরিফুলের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
