ছিটকে গেছেন নাহিদ, প্রথম টেস্ট খেলতে পারবে না লিটন-শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৫ জুলাই ২০২৬
ছিটকে গেছেন নাহিদ, প্রথম টেস্ট খেলতে পারবে না লিটন-শরিফুল

অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দল। দলের গতিময় বোলার নাহিদ রানা দুই টেস্ট থেকেই ছিটকে গেছেন। একই কারণে প্রথম টেস্টে খেলতে পারবে না লিটন কুমার দাস এবং শরিফুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটারের ইনজুরির আপডেট জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া টেস্ট না খেলা মোস্তাফিজুর রহমানও ইনজুরি আক্রান্ত।

 

নাহিদ রানা
ফাস্ট বোলার নাহিদ রানা ১৭ জুলাই বাঁ পায়ের পেশিতে টান লেগেছে। স্ক্যান করা হলে গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পগেছে। যা সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে, এরপর আরও দুই থেকে চার সপ্তাহ ধরে বোলিংয়ের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে পারবে নাহিদ।

চোট পাওয়ার তারিখ থেকে সম্পূর্ণ সেরে উঠতে আনুমানিক ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে নাহিদ রানার। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজ তার খেলা হচ্ছে না।

শরিফুল ইসলাম
বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম একই দিন (১৪ জুলাই) বাম হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পান এবং তার পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ভালোভাবে উন্নতি করছেন। সবকিছু ঠিক থাকলে ২৯ জুলাই থেকে বোলিং শুরু করবেন এবং ১২ আগস্ট তার ফিটনেস মূল্যায়ন করা হবে।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলের খেলার সম্ভাবনা কম হলেও দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনায় থাকবে বলে আশা করছে বিসিবি। তবে তাকে সফলভাবে বোলিং সম্পন্ন করতে হবে এবং চিকিৎসকের ছাড়পত্র পেতে হবে।

লিটন কুমার দাস
লিটন কুমার দাস বাম পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে উঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শের পর শুক্রবার (২৪ জুলাই) তিনি প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) চিকিৎসা গ্রহণ করেছেন।

২৮ জুলাই থেকে তার একটি পর্যায়ক্রমিক দৌড় ও কন্ডিশনিং প্রোগ্রাম শুরু করার কথা রয়েছে এবং ১৩ আগস্টের কাছাকাছি সময়ে তার ফিটনেস মূল্যায়ন করার পরিকল্পনা আছে।

সফলভাবে পুনর্বাসন সম্পন্ন করা এবং ফিটনেস ছাড়পত্র পাওয়ার শর্তে লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন বলে আশা করছে বিসিবি।

তানজিম হাসান সাকিব
ডানহাতি পেসার সাকিব তার চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সম্প্রতি একটি ফলো-আপ স্ক্যান এবং একজন বিদেশি বিশেষজ্ঞের সাথে পরামর্শে নিশ্চিত করা হয়েছে যে, প্রায় আট থেকে দশ সপ্তাহের মধ্যে আরেকটি স্ক্যান করানোর আগে তিনি তার পুনর্বাসন কর্মসূচি চালিয়ে যাবেন।

তবে তানজিম হাসানের মাঠে ফেরার সময়সীমা ফ্র্যাকচার সেরে উঠার অগ্রগতির উপর নির্ভর করবে এবং বর্তমানে বছরের শেষের দিকে তার খেলার সম্ভাবনা রয়েছে।

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান ডান হ্যামস্ট্রিং এবং কাফের চোট থেকে সেরে উঠছেন। বাঁহাতি এই পেসার প্রতিদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং জুলাই মাসের শেষে তার ফিটনেস মূল্যায়ন হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী যদি তার বোলিংয়ের কাজ চালিয়ে যেতে পারেন তাহলে ১৮ আগস্টের পর মোস্তাফিজুর নির্বাচনের জন্য পুরোপুরি উপলব্ধ হবেন বলে আশা করছে বিসিবি।



শেয়ার করুন :