ইমন-হৃদয়-শামীমের ব্যাটিং সহজ মনে হলেও, সহজ ছিল না: লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
ইমন-হৃদয়-শামীমের ব্যাটিং সহজ মনে হলেও, সহজ ছিল না: লিটন দাস

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারীর দুর্দান্ত ব্যাটিং এমন বড় জয় পেয়েছে টাইগাররা। তবে উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না বলে জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।

ম্যাচ শেষে ব্রডকাস্ট মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে লিটন দাস বলেন, ইমন, হৃদয় আর শামীম যেভাবে ব্যাটিং করেছে তাতে কাজটা সহজ মনে হলেও, আসলে তা (সহজ) ছিল না।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে (৫.১ ওভার) ৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাইফ হাসান (১৭) আউট হলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর দলীয় ৭৭ রানের (৮.৫ ওভার) মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

তবে তাওহিদ হৃদয়ের সাথে চতুর্থ ও পঞ্চম জুটিতে পারভেজ হোসেন ইমন (২৮) এবং শামীম পাটোয়ারীর ঝড়ো ইনিংসে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। হৃদয় ৫১ এবং শামীম ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

হৃদয়ের ফিফটি, শামীম ঝড়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

বাংলাদেশের ব্যাটিং নিয়ে লিটন বলেন, “এই মাঠে ১৮৩ রান অনেক বড় স্কোর। কারণ, উইকেটটা ব্যাটিংয়ের জন্য অতটা সহজ ছিল না। ইনিংস পরিবর্তনের সময় উইকেটটা ধীরগতির ছিল।”

বড় লক্ষ্য তাড়ার নির্দেশনা বিষয়ে তিনি বলেন, “আমি বলেছিলাম পাওয়ারপ্লেতে আমাদের রান দরকার। শুরুতে ভালো স্কোর করতে পারলে মিডল অর্ডারের জন্য কাজটা সহজ হয়ে যায়। ইমন, হৃদয় আর শামীম যেভাবে ব্যাটিং করেছে তাতে কাজটা সহজ মনে হলেও, আসলে তা (সহজ) ছিল না।”

নিজের আউট নিয়ে লিটন দাস বলেন, “বলটা একটু নিচু হয়ে গিয়েছিল। একজন ব্যাটার হিসেবে (আউট) একটা বলই যথেষ্ট। আর বলটা যখন ওভাবে নিচু হয়ে যায়, তখন কিছুই করার থাকে না।”

জয় দিয়ে সিরিজ শুরু নিয়ে টাইগার অধিনায়ক বলেন, “আমার মনে হয় এটা একটা দারুণ ম্যাচ ছিল। আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে আমি খুশি, বিশেষ করে হৃদয়ের ব্যাটিংয়ে। সে আর ইমন মাঝের ওভারে খুব ভালো খেলেছে। আর অবশ্যই, শামীম খেলাটা শেষ করেছে।”



শেয়ার করুন :