জুনের প্রথমার্ধে বিসিবির নির্বাচন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২১ এপ্রিল ২০২৬
জুনের প্রথমার্ধে বিসিবির নির্বাচন

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দেওয়া নির্ধারিত সময়সীমার আগেই বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন করার পরিকল্পনা। সেই অনুযায়ী জুনের প্রথমার্ধেই নির্বাচন সম্পন্ন করতে চায় তামিম ইকবালের নেতৃত্বধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটি।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেস বক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি বস তামিম ইকবাল নিজেই এমন তথ্য জানিয়েছেন। বলেন, বেঁধে দেওয়া ৯০ দিনের সময় নিতে চাই না।

তামিম ইকবাল বলেন, ‍“আমাদের (অ্যাডহক কমিটি) ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। তার মানে এই নয় যে, ততদিন অপেক্ষা করতে হবে। আমাদের প্রথম পছন্দ হলো- জুনের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করা। যদি সেটি সম্ভব না হয়, আমরা অবশ্যই দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সম্পন্ন করবো।”

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বোর্ডের কার্যক্রম তদারকি এবং সময় মতো নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে এনএসসি। বর্তমান কমিটি বেঁধে দেওয়া সময়ের আগেই সকল কার্যক্রম গুছিয়ে আনতে পারবে বলে আশাবাদী।

বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে তামিম ইকবাল নিজেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুলবুলের নেতৃত্বে বিতর্কিত গত নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে প্রার্থী হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান তামিম।

তবে আসন্ন নির্বাচনে কোন ক্যাটাগরি থেকে তামিম ইকবাল বোর্ড পরিচালক হিসেবে নির্বাচন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে গতবারের ন্যায় পরিচালক পদ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদেও প্রার্থী হবেন তিনি।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে ‘বল বয়’ পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, অন্যান্য দেশে প্রচলিত এই প্রথাটি কোন সুস্পষ্ট কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছিল।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে তামিম বলেন, ১৯৯৮ সালে চট্টগ্রামে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের একটি ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচে ‘বল বয়’ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :