‘ডি থ্রি ট্রফি’র কোচিং প্যানেল চূড়ান্ত করল ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি ট্রফি’র কোচিং প্যানেল চূড়ান্ত করল ফ্র্যাঞ্চাইজিগুলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চালু করা ‘ডি থ্রি ট্রফি’র ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অভিজ্ঞ সাবেক জাতীয় ক্রিকেটার ও প্রতিষ্ঠিত ঘরোয়া কোচদের নিয়ে কোচিং প্যানেল ঠিক করা হয়।

‘ডি থ্রি ট্রফি’ হলো ঘরোয়া ক্রিকেটের একটি নতুন প্রতিযোগিতা। যেখানে একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তিনটি ভিন্ন ফরম্যাট চার দিনের প্রথম-শ্রেণির ক্রিকেট, ৫০ ওভারের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটকে রাখা হয়েছে। ঘরোয়া ক্রিকেটকে আরও সুসংহত ও পেশাদার কাঠামোয় নিয়ে আসার লক্ষ্যেই বিসিবির এই উদ্যোগ।

‘এইচ ব্লুস্টার’-এর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সোহেল ইসলাম এবং ‘একমির’ দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। ‘সিটিজেনস ব্যাংক’-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। অন্যদিকে, ‘ফরচুন’-এর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

‘সেভেন রিংস সিমেন্ট’-এর প্রধান কোচ করা হয়েছে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। এছাড়া ‘ওয়ালটন’-এর দায়িত্বে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

সাপোর্ট স্টাফ বা সহায়ক কর্মীদের তালিকাও চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এতে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের পরিচিতরা।

ওয়ালটনের কোচিং প্যানেলে রয়েছেন তুষার ইমরান ও ডলার মাহমুদ। সেভেন রিংস সিমেন্ট দলে ভিড়িয়েছে হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহিনকে। ফরচুন দলে সহকারী কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল।

এইচ ব্লুস্টার নিয়োগ দিয়েছে সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদারকে। সিটিজেনস ব্যাংকের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম। অন্যদিকে একই পদে তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে নিয়োগ দিয়েছে একমি।



শেয়ার করুন :