বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সর্ব সম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি-০২ থেকে পরিচালক হওয়া ফাহিম সিনহা।
ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-০২) থেকে ৭৬ জন ভোটারের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। ক্যাটাগরি-০২ থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচক কমিশনের তথ্যানুযায়ী, তামিম ইকবাল ছাড়া ৭২ ভোট করে পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন দু'জন। তারা হলেন- সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। তারা দু'জনই বর্তমান বিএনপি সরকারের দুই মন্ত্রীর সন্তান।
এছাড়া বাকি ৯ জন পরিচালক হলেন- মাসুদুজ্জামান (৭০), ফয়সাল আশিক (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম নাভিন (৬৬), সাকিফ আহমেদ সালাম (৬৫), আসিফ রব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩) এবং প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
নির্বাচন শেষে তামিম ইকবালকে বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত করেন পরিচালকরা। একই সময় ফাহিম সিনহাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত বোর্ড আগামী চার বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা করবে।
