জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল পাঁচ উইকেট। তবে পারলো না বাংলাদেশের মেয়েরা। ওভারের প্রথম চার বলে চার উইকেট হারিয়ে লঙ্কান মেয়েদের কাছে ৭ রানে গেছে বাংলাদেশ। এ হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
চামারি আতাপাত্তুর শেষ ওভারে করা বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। আগের ৯ ওভারে ৪১ রান দিয়ে কোন উইকেট না পাওয়া চামারি আতাপাত্তু নিজের এবং ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রাবেয়া খানকে (১) সাজঘরে ফেরান।
দ্বিতীয় বলে রান আউটে কাটা পড়ে খালি হাতে ফিরেন নাহিদা আক্তার (০)। পর পর দুই উইকেট হারানোর পর স্ট্রাইক পাওয়া অধিনায়ক জ্যোতি পরের বলে বাতাসে ভাসালে ক্যাচ বন্দি হয়ে সাজঘরে ফিরেন (৭৭)।
পর পর তিন উইকেট হারিয়ে ৩ বলে ৯ রানের লক্ষ্যটা বেশি কঠিনই হয়ে বাংলাদেশের। অবশ্য পরে বলে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে আসা মারুফা আক্তারকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন চামারি আতাপাত্তু।
শেষ দুই বলে ৯ রানের লক্ষ্যে পঞ্চম বলে ১ এবং শেষ বলে কোন রান নিতে না পারায় ৭ রানে হেরে যায় বাংলাদেশ। এ হারের মধ্য দিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের।
২৬ অক্টোবর লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
