অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরেও দলের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া এ সফর দিয়ে নারী দলের নতুন কোচ হিসেবে ডেভিড হেম্প-কে নিয়োগ দিয়েছে বোর্ড।
সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জ্যোতি। ফলে সফরে জ্যোতির নেতৃত্বেই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার উদ্দেশে ৩ অক্টোবর রওনা হবে বাংলাদেশ দল।
ব্রিসবেনে পৌঁছানোর পর ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে-৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সব ম্যাচ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে।
সিরিজ শেষে ১৫ অক্টোবর দেশের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী দলের এটিই প্রথম অস্ট্রেলিয়া সফর। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে একই সফরে টি-টোয়েন্টি সিরিজ থাকলে তা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ নারী দলের নতুন কোচ ডেভিড হেম্প, ফাইল ফটো
এদিকে, অপর একটি বিজ্ঞপ্তিতে জ্যোতিদের প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্প-কে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছে বিসিবি। নতুন কোচ নিয়োগের বিষয়টি স্পোর্টস মেইল অবশ্য আগেই নিউজ করে জানিয়ে দিয়েছিল।
বিসিবি জানায়, ৫৫ বছর বয়সী হেম্প অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ব্রিসবেনে দলের সাথে যোগ দেবেন। বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রাথমিকভাবে দুই বছরের (২০২৮ সেপ্টেম্বর) জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
