মিরপুুরে ওপেনিং জুটিতে বাংলাদেশের রেকর্ড রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
মিরপুুরে ওপেনিং জুটিতে বাংলাদেশের রেকর্ড রান

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের পিচে রান খরার দুর্নাম বেশ পুরোনো। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার ব্যতিক্রম ছিল না। তবে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে জ্বলে উঠলো সৌম্য সরকার এবং সাইফ হাসানের ব্যাট। মিরপুর উইকেটে দু'জনের ব্যাট থেকে এলো বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ড রান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য-সাইফের ওপেনিং জুটি থেকে ১৭৬ রান পায় বাংলাদেশ। যা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে ওপেনিং জুটিতে রেকর্ড রান।

রেকর্ড রানের এই জুটিতে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৯১ রান (৮০ বল) এবং সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৮০ রান (৭২ বল)।  

এর আগে মিরপুরের উইকেটে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল ১৫০ রানের। ২০১৪ সালের ৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে এনামুল হক বিজয় এবং ইমরুল কায়েসের ওপেনিং জুটি থেকে এ রান পেয়েছিল বাংলাদেশ। যা এতদিন মিরপুরের উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।

বিজয়-ইমরুলের গড়া সেই রেকর্ড প্রায় ১১ বছর (১০ বছর ১১ মাস ১৫ দিন) পর ভাঙলেন সৌম্য-সাইফ। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ অবশ্য হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এনামুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ৩২৬ রান করলেও ৩ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান।

নতুন করে ওপেনিং জুটিতে নতুন রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৬তম (২৫.২) ওভারে। ফিফটির পর ৭২ বলে ৮০ রান করা সাইফ হাসান আউট হলে ১৭৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

সৌম্য-সাইফের ব্যাট থেকে ওপেনিং জুটিতে রেকর্ড রান আসলেও মাত্র ৩ রানের জন্য আরও একটি রেকর্ড ভাঙতে পারেননি তারা। মিরপুরের উইকেটে বাংলাদেশের যেকোন জুটি সর্বোচ্চ রানের রেকর্ড ১৭৮।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ১৭৮ রান করেছিলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এছাড়া ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ২৯২ রান।

২০২০ সালের মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল এবং লিটন দাসের জুটি থেকে এ রেকর্ড রান এসেছিল। যা এখনো অক্ষুণ্ন রয়েছে।



শেয়ার করুন :