টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিলো পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে হারের শঙ্কায় পড়লেও শেষ দিকে ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে সালমান আগার দল।
নেদারল্যান্ডসের ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও ১৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। দলীয় ৯৮ রানে চতুর্থ উইকেটের পর ১১৪ রানে (১৬.১ ওভার) সপ্তম উইকেট হারায় তারা।
ফলে জয়ের জন্য শেষ দুই ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৯ রান। তবে ইনিংসের ১৯তম ওভারে ৩ ছক্কা ও এক চারে ২৪ রান করেন ফাহিম আশরাফ। ওই ওভারে ফাহিমের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ ওভারের প্রথম বলে শাহিন শাহ আফ্রিদী এক রান নিয়ে প্রান্ত বদল করলে তৃতীয় বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করে ফাহিম।
৩ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ২৯ রান করে দলকে জয় উপহার দেওয়া ফাহিম আশরাফের হাতেই উঠে ম্যাচ সেরা পুরস্কার। অপরপ্রান্তে ৯ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন শাহিন শাহ আফ্রিদী।
এছাড়া লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শাহেবজাদা ফারহানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে ১৪৭ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে।
