৯’শত গোল, নতুন বছরে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৬
৯’শত গোল, নতুন বছরে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি

রেকর্ড গড়া কিংবা ভাঙা, লিওনেল মেসি সব সময় নতুন নতুন মাইলফলকের সামনেই থাকেন। ২০২৬ সালে নিজের অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি মাইলফলকের সামনে তিনি -সেটি হলো ৯০০তম গোল।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৮৯৬। আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে গোলগুলো করেছেন। ২০২৫ সালের শেষ ম্যাচে গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের পর এই সংখ্যায় পৌঁছান তিনি।

২০২৬ সালের এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এদিকে আর্জেন্টিনাও আবার মাঠে নামবে ২৭ মার্চ, দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায়। ফলে মেসির ৯০০তম গোল দেখতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ৩৮ বছর বয়সী এই তারকা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় চার গোল করতে খুব বেশি দেরি করবেন না।

বর্তমানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০’র বেশি গোল করেছেন। তিনি এই কীর্তি গড়েন ২০২৪ সালের সেপ্টেম্বরে।

পেশাদার ফুটবলারদের মধ্যে পরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানোদস্কি (৬৮৫ গোল)। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে ‘৯০০ ক্লাব’-এ অন্য কারও যোগ দেবার সম্ভাবনা আপাতত নেই।

মেসির গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের মে মাসে। বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে লিগ ম্যাচে শেষ দুই মিনিটে বদলি হিসেবে নেমে ২-০ গোলে জয়ের পথে নিজের প্রথম পেশাদার গোলটি করেন তিনি। শুরুটা তখন থেকেই।

উন্নতির প্রতিটি ধাপে মেসির ওপর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবু সেই প্রথম গোলের পর যে অবিশ্বাস্য সাফল্য আসবে, তা কেউই কল্পনা করতে পারেনি। ২১ বছর পরও মেসি এমন ধারাবাহিকতায় গোল করে চলেছেন যে, তিনি আর কতদূর যেতে পারবেন তা বলা কঠিন।

রোনালদোর বর্তমান গোল ৯৫৭। তার বয়স হবে ৪১। মেসির গোল ৮৯৬, বয়স ৩৯। যদি রোনালদো ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলেন, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মেসি রোনালদোর মোট গোলসংখ্যা ছাড়িয়ে যেতে পারেন।


বিষয়ঃ

শেয়ার করুন :