২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। মঙ্গলবার বুয়েনস আইরেসে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচে আবেগঘন বিদায় নিলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই ফুটবল তারকা।
গল্পের মতো সাজানো বিদায়ী ম্যাচে ৮৫ হাজার দর্শকের সামনে নিজের ১২৬তম আন্তর্জাতিক গোলটি করেন ৩৯ বছর বয়সী মেসি। গোল ছাড়াও ম্যাচটিতে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ে মেসি অবদান রাখেন নিকোলাস ওতামেন্দির করা প্রথম গোলটির অ্যাসিস্ট করে। দলের অন্য গোলটি করেন নিকো পাজ।
এটি ছিল মেসির রেকর্ড ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। তবে ম্যাচের ফলের চেয়েও বড় হয়ে উঠেছিল বিদায়ের আবেগ। ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’ নামে প্রচারিত এই ম্যাচে শেষবারের মতো মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শকদের ভালোবাসায় সিক্ত হন আর্জেন্টাইন কিংবদন্তি।
স্টেডিয়ামে যাওয়ার পথে মেসি ও তাঁর সতীর্থদের বহনকারী বাসকে ঘিরে হাজারো ভক্তের উচ্ছ্বাস দেখা যায়। সেই সময় আবেগে চোখের পানি মুছতে থাকেন মেসি। মাঠে নামার সময় মেসির সঙ্গে ছিল তার তিন সন্তান। গ্যালারি থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও মা সেলিয়া কুচিত্তিনিও তাকে ভালোবাসায় অভিবাদন জানান।
ম্যাচ শুরুর আগে মাঠে মেসির ১০ নম্বর জার্সির পাশে ‘Gracias’ (ধন্যবাদ) লেখা বিশাল একটি আর্জেন্টিনার জার্সি রাখা হয়। দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠে পুরো স্টেডিয়াম। ফকল্যান্ডস যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনা ফাবিও সান্তানা জাতীয় সংগীত গাওয়ার সময়ও আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। তার পাশে ছিল ‘The Malvinas are Argentine’ লেখা একটি ব্যানার—২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে দেখা গিয়েছিল একই ব্যানার।
ম্যাচের ১০ মিনিটে মেসির জার্সি নম্বরকে সম্মান জানিয়ে খেলা এক মিনিটের জন্য থামিয়ে দেওয়া হয়। পুরো স্টেডিয়াম তখন মেসির সম্মানে করতালিতে মুখর হয়ে উঠে। এরপর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের বিদায়ী ম্যাচটিকে আরও স্মরণীয় করে রাখেন মেসি।
ম্যাচের শেষ বাঁশির পর ড্রোন শোতে আকাশে ফুটে উঠে মেসির ছবি। আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার দীর্ঘ ক্যারিয়ারকে ধন্যবাদ জানানো হয়। আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের দুই মাসেরও বেশি সময় পর জাতীয় দলকে বিদায় বললেন মেসি। নিউ জার্সিতে ১-০ গোলে হারা সেই ম্যাচের পর অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন তিনি।
আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায় নিলেও এখনই ফুটবর মাঠ থেকে বিদায় নিচ্ছেন না মেসি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। তবে দুই মাস আগে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তিনি জানিয়েছিলেন, প্রত্যাশার চেয়েও আগেই হয়তো ফুটবলকে বিদায় জানাতে পারেন।
