বাংলাদেশ জাতীয় ফুটবলের সাথে যুক্ত হলো আরও একটি দেশীয় ব্র্যান্ড হুঙ্কার (HUNKAR)। নতুন এ স্পন্সরের মাধ্যমে প্রতিষ্ঠানটি অফিসিয়াল রেফারিদের কিট এবং বয়ষভিত্তিক দলে বুট সরবরাহ করবে। সোমবার (৩১ আগস্ট) বাফুফের সাথে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এত দিন সিনিয়র জাতীয় ফুটবল দলের জন্য কিট স্পন্সর পেয়ে আসছিল। তবে এই নতুন স্পন্সরের মাধ্যমে এখন থেকে নারী ও পুরুষসহ বয়সভিত্তিক জাতীয় দলের বুটও পাবে তারা। চুক্তির আওতায় স্পন্সর প্রতিষ্ঠান ফুটবলারদের বুট, শিনগার্ড ও মুজা দেবে। এছাড়া রেফারিদেরও জন্য থাকছে কিট।
বাফুফের সাথে হুঙ্কারের চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে প্রতিষ্টানটির সিইও শের এ মোহাম্মদ তাবিব জানান, তিনি নিজেও একজন ফুটবলার ছিলেন। খেলতেন গোলকিপার হিসেবে। তবে সেটি আর কন্টিনিউ করা হয়নি। তবে ফুটবল ছাড়তে পারেননি। সেই ভালোবাসা থেকেই দেশে ফুটবলের নতুন ব্র্যান্ড হুঙ্কারের যাত্রা।
তিনি জানান, ১৭ বছর বয়সে প্রথম বুট কিনে খেলেছিলেন। কিন্তু ম্যাচ শেষে বাসায় ফিরে কাঁচি দিয়ে সেই বুট কেটে ফেলেন। কারণ তার জানার ইচ্ছে ছিল, বুটে কি এমন জিনিস রয়েছে, যা পেতে এতদিন অপেক্ষা করতে হয়েছিল।
সেই তাবিব এখন ২৩ বছর বয়সী। এই বয়সে তিনি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কর্মকর্তা এবং বাংলাদেশ দলকে বুট স্পন্সর করছেন। নিজে বেশ গর্বিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলেন, নিজের প্রতিষ্ঠানের উৎপাদিত বুট পরে ফিফার ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এটা হুঙ্কারের এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
প্রতিষ্ঠানটি ফুটবলের সাথে আগে থেকেই যুক্ত ছিল। বাংলাদেশ নারী ফুটবল লিগের দল ‘রাজশাহী স্টার্স এএফসি’র কি স্পন্সর হিসেবেও কাজ করেছে তারা। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ক্রিকেটে ‘চট্টগ্রাম রয়্যালস’ এবং ‘ঢাকা ক্যাপিটালন’-এর অফিসিয়াল পার্টনারও ছিল হুঙ্কার।
