ভারতের কাছেও হেরে বিদায় নিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছেও হেরে বিদায় নিলো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব হার দিয়ে শেষ করলো বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে এবং সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা তিন হারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

রবিবার (৬ সেপ্টেম্বর) ম্যাচের ২৬তম মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। সতীর্থর পাস থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মিডফিল্ডার ড্যানি মেইতে। এরপর ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। বক্সের ভেতর ব্যাক ভলিতে দুর্দান্ত এক গোল করেন মিডফিল্ডার বিশাল যাদব।

ম্যাচের ৭৯তম মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান ভারতের বদলি মিডফিল্ডার মোহাম্মদ আরবাশ। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করেছিল ভারত। এরপর স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারে তারা। বাংলাদেশের বিপক্ষে জয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকলো ভারত।

বাছাইপর্ব থেকে আট গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।



শেয়ার করুন :