দক্ষিণ কোরিয়ার এক নারী ফুটবল রেফারির বিরুদ্ধে সাবেক চেলসি মিডফিল্ডার জি সো-ইউনকে ‘পিরিয়ড চলছে’ বলে অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক শুনানি হবে বলে শুক্রবার এএফপিকে জানিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)।
চেলসির সাবেক মিডফিল্ডার জি সো-ইউনকে নিয়ে ‘পিরিয়ড চলছে’ বলে অপমানজনক মন্তব্য করায় দক্ষিণ কোরিয়ার এক নারী ফুটবল রেফারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রেফারির বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ শুনানি হবে বলে জানিয়েছে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)।
গত মাসে ঘরোয়া নারী লিগে জি সো-ইউনের দল সুয়োন এফসি উইমেন ও সিউল সিটি হলের ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচে পেনাল্টির দাবি নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জি। এ ঘটনায় তাকে হলুদ কার্ড দেখানো হয়।
জি সো-ইউনের অভিযোগ, তিনি রেফারির কাছে যাওয়ার পর ওই কর্মকর্তা বলেন, “শুরু থেকেই সে খুব স্পর্শকাতর আচরণ করছে, নিশ্চয়ই তার পিরিয়ড চলছে।”
কেএফএর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, অভিযোগটি সংগঠনের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তবে শুনানি কবে অনুষ্ঠিত হবে, তা জানানো হয়নি।
এর আগে কেএফএর রেফারিং বিভাগ দাবি করেছিল, রেফারি ‘পিরিয়ড’ শব্দটি ব্যবহার করেননি এবং মন্তব্যটি নির্দিষ্টভাবে জিকে উদ্দেশ্য করে করা হয়নি। সম্প্রচার মাধ্যম এসবিএস জানিয়েছে, কোরিয়া উইমেন্স ফুটবল ফেডারেশনের (কেডব্লিউএফএফ) মতে, ব্যবহৃত শব্দটি ছিল ‘গার্লস ডে’, যা মাসিক বোঝাতে ব্যবহৃত একটি প্রচলিত পরোক্ষ শব্দ।
জি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কর্মকর্তাদের যোগাযোগের জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমে তিনি রেফারির ওই মন্তব্য শুনেছেন।
কেএফএ জানিয়েছে, তাদের রেফারি কাউন্সিল অভিযোগের ‘গুরুত্ব’ বিবেচনায় নিয়ে বিষয়টি শৃঙ্খলা কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
